হাওজা নিউজ এজেন্সি: ইরানের বান্দপি এলাকার ফাতিমিয়া ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকা ফাতেমা নেয়ামতি ফাতিমিয়া দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, ফাতিমিয়া হলো আহলে বাইতের (আ.) ওপর সংঘটিত জুলুম-নির্যাতন ও তাঁদের মজলুমিয়াত স্মরণের বিশেষ উপলক্ষ। এ সময়ের ঐতিহাসিক ঘটনাবলির বিভিন্ন দিক আরও গভীরভাবে বিশ্লেষণ ও তুলে ধরা প্রয়োজন। কারণ, এ সময়ের ঘটনাবলি শিয়াদের মজলুমিয়াতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল।
তিনি বলেন, হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর জীবনাদর্শের অন্যতম প্রধান শিক্ষা হলো বেলায়াতের প্রতি আনুগত্য এবং কুফর ও জুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ। অতীতের ঘটনাবলি থেকে শুরু করে বর্তমান পরিস্থিতিতেও এসব শিক্ষার প্রাসঙ্গিকতা রয়েছে। যেন হযরত ফাতিমা (সা.আ.)-এর জীবন ও সংগ্রাম আমাদের বর্তমান সময়ের জন্যও একটি শিক্ষার পাঠশালা, যা বেলায়াতের পক্ষে জীবন উৎসর্গ করতেও পিছপা না হওয়ার শিক্ষা দেয়।
ধর্মীয় শিক্ষার বাস্তব প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এ আদর্শের অন্যতম দৃষ্টান্ত হলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পর্দা ও হিজাবের বিধান মেনে চলা এবং ইমাম মাহদি (আ.) ও তাঁর প্রতিনিধির পাশে দৃঢ়ভাবে অবস্থান করা।
ফাতেমা নেয়ামতি এ প্রসঙ্গে ড. খোদামিয়ানের লেখা ‘ফরিয়াদে মাহতাব’ (চাঁদের আর্তনাদ) বইটি পড়ার পরামর্শ দেন। তাঁর মতে, বইটিতে আহলে বাইতের (আ.) ওপর সংঘটিত নিপীড়ন ও তাঁদের মজলুমিয়াতের চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি আবু বকরের পক্ষে জনগণের কাছ থেকে বাইআত আদায়ের জন্য যেসব কৌশল ও ষড়যন্ত্রের আশ্রয় নেওয়া হয়েছিল, সেগুলোও বর্ণিত হয়েছে।
আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর অধিকার রক্ষায় হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর মসজিদে উপস্থিত হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, হযরত ফাতিমা (সা.আ.) মসজিদে গিয়ে জনগণকে গাদিরের ঘটনা এবং সেদিনের অঙ্গীকার স্মরণ করিয়ে দেন। তিনি তাঁদের প্রশ্ন করেন, তাঁরা কি গাদিরের ঘটনায় উপস্থিত ছিলেন না?
এ ঘটনার ধারাবাহিকতায় তিনি বলেন, সে সময় উম্মে সালামাও হযরত ফাতিমা (সা.আ.)-এর বক্তব্য সমর্থন করেন এবং তাঁর কথার সত্যতা স্বীকার করেন। উপস্থিত লোকজনও তাঁর বক্তব্যের সমর্থনে এগিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তখন আবু বকর তাঁদের এক বছরের খরাজ (ভূমি থেকে আদায় করা রাজস্ব) বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। এ নির্দেশ শোনার পর লোকজন তাঁদের অবস্থান থেকে সরে আসেন এবং পুনরায় নিজেদের জায়গায় বসে পড়েন।
মানুষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর পরীক্ষার সম্মুখীন থাকে উল্লেখ করে ফাতেমা নেয়ামতি বলেন, এ ঘটনা আমাদের শিক্ষা দেয় যে, মানুষ সবসময়ই পরীক্ষার মধ্যে রয়েছে। বিশেষ করে সংকটময় মুহূর্তে সত্য ও ন্যায়ের পক্ষে নিজের অবস্থান ধরে রাখা জরুরি।
তিনি আরও বলেন, ফাতিমিয়া দিবস হওয়া উচিত হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর ব্যক্তিত্ব ও জীবনাদর্শ সম্পর্কে গভীরভাবে জানার উপলক্ষ। তাঁর আদর্শ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সবাই যেন সেই পথে চলতে পারে এবং তাঁর প্রকৃত অনুসারী হওয়ার চেষ্টা করে।
আপনার কমেন্ট